পেট্রোল-ডিজেলের দামে বড় স্বস্তি! আকাশছোঁয়া দাম রুখতে মোদী সরকারের মেগা প্ল্যান?

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও এবার সাধারণ মানুষের পকেটে তার প্রভাব পড়বে না। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দামে হঠাৎ আকাশছোঁয়া বৃদ্ধি রুখতে এক অভিনব পরিকল্পনা করছে কেন্দ্র। সূত্রের খবর, সরকার একটি নতুন ‘ফুয়েল প্রাইস স্টেবিলাইজেশন মেকানিজম’ বা জ্বালানির মূল্য স্থিতিশীল করার পদ্ধতি আনার কথা গুরুত্ব দিয়ে ভাবছে।
কেন এই নতুন পরিকল্পনা?
বর্তমানে পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ভারত যেহেতু আমদানির ওপর নির্ভরশীল, তাই আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সরাসরি সাধারণ মানুষের ওপর এসে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্যই বিভিন্ন মন্ত্রকের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
কীভাবে কাজ করবে এই নতুন মডেল?
কৃষি ক্ষেত্রে যেভাবে দাম নিয়ন্ত্রণে রাখতে ‘বাফার স্টক’ ব্যবহার করা হয়, ঠিক সেই তর্জেই তৈরি হবে এই ব্যবস্থা।
-
ফুয়েল বাফার ফান্ড: পেট্রোল ও ডিজেলের জন্য একটি আলাদা ফান্ড তৈরি করা হবে।
-
দাম নিয়ন্ত্রণ: যখনই বিশ্ববাজারে তেলের দাম মাত্রাতিরিক্ত বাড়বে, তখন এই ফান্ড ব্যবহার করে অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখবে সরকার।
-
অস্থায়ী স্বস্তি: এর উদ্দেশ্য স্থায়ী ভর্তুকি দেওয়া নয়, বরং আন্তর্জাতিক বাজারের অস্বাভাবিক ওঠানামা থেকে ভোক্তাদের সাময়িক রক্ষা করা। যখন বিশ্ববাজারে দাম কমবে, তখন এই ফান্ড পুনরায় ভর্তি করা হবে।
স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে আলাদা
উল্লেখ্য, ভারতের কাছে আগে থেকেই ‘স্ট্র্যাটেজিক ক্রুড অয়েল রিজার্ভ’ বা জরুরি তেলের ভাণ্ডার রয়েছে। তবে সেটি কেবল সরবরাহ সংকটের সময় ব্যবহৃত হয়। কিন্তু নতুন এই প্রস্তাবিত মেকানিজমটি শুধুমাত্র সাধারণ মানুষের ওপর দামের চাপ কমাতে ব্যবহৃত হবে।