সুরের জাদুকরী বিদায়! ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে, চোখের জলে ‘তাই’-কে বিদায় দিচ্ছে বিশ্ব।

ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রপতন ঘটল। সুরের জাদুকরী এবং অগণিত কালজয়ী গানের গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। ‘আশা তাই’-এর স্মৃতিচারণ করতে গিয়ে কিংবদন্তি অভিনেত্রী মুমতাজ সমাজমাধ্যমে একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন লক্ষ লক্ষ ভক্ত। ভিডিওটিতে সত্তরের দশকের জনপ্রিয় গান ‘কোই শহরি বাবু’-র তালে দুই কিংবদন্তিকে একসাথে নাচতে দেখা যাচ্ছে।
এই গানটি ১৯৭৩ সালের ব্লকবাস্টার ছবি ‘লোফার’-এর। ভিডিওটি সম্ভবত কোনো এক ঘরোয়া অনুষ্ঠানের। সেখানে কালো স্যুটে মোহময়ী মুমতাজকে দেখা যাচ্ছে তাঁর নিজস্ব নাচের ভঙ্গিমায়, আর তাঁর পাশেই স্মিত হাসিতে পা মেলাচ্ছেন আশা ভোঁসলে। গায়িকার প্রয়াণের পর এই ভিডিওটি শেয়ার করে মুমতাজ লিখেছেন, “আজ আমি গভীরভাবে শোকাহত। আশা ভোঁসলে জি শুধু একজন মহান গায়িকাই ছিলেন না, বরং আমার চলচ্চিত্রের বহু স্মরণীয় মুহূর্তের প্রাণ ছিলেন। তাঁর কণ্ঠ আমার অভিনয়ে যে আবেগ ও আকর্ষণ যোগ করেছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”
মুমতাজ আরও জানান, আশার গাওয়া গানে ঠোঁট মেলানো ছিল তাঁর কাছে এক পরম সৌভাগ্যের বিষয়। তিনি লিখেছেন, “তিনি আমাকে এবং চলচ্চিত্র শিল্পকে যা দিয়ে গেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। তাঁর কণ্ঠস্বর আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।” ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘কিংবদন্তিদের মৃত্যু হয় না’, কেউবা দুই নক্ষত্রকে এক ফ্রেমে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন। ভারতীয় সংগীতের একটি যুগের অবসান হলেও, আশা ভোঁসলের সুরের মূর্ছনা চিরকাল রয়ে যাবে তাঁর অগণিত গুণমুগ্ধের হৃদয়ে।