রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে লড়াই! খাড়গের বৈঠকে চূড়ান্ত হতে পারে বিরোধীদের তুরুপের তাস

লোকসভা ও রাজ্যসভা—সংসদের দুই কক্ষেই এখন ডেপুটি পদের নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ১৭ এপ্রিল। সংখ্যার বিচারে এনডিএ শিবির সুবিধাজনক অবস্থায় থাকলেও, ময়দান ছাড়তে নারাজ বিরোধীরা। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী জোটের একটি হাইভোল্টেজ বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, এই লড়াইয়ে আরজেডি-র তাত্ত্বিক নেতা ও রাজ্যসভা সাংসদ মনোজ ঝাকে প্রার্থী করার দৌড়ে এগিয়ে রেখেছে বিরোধীরা।

বিরোধীদের মূল ক্ষোভ লোকসভার ডেপুটি স্পিকার পদটি নিয়ে। দীর্ঘদিন ধরে সেই পদটি শূন্য পড়ে রয়েছে এবং সরকার পক্ষ এ নিয়ে কোনও ঐকমত্যে আসতে রাজি নয়। এই প্রেক্ষিতেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী দিয়ে সংসদীয় লড়াইয়ের বার্তা দিতে চায় বিরোধীরা। আরজেডি সাংসদ মনোজ ঝা একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি এবং বাগ্মিতার কারণেই তাঁকে পছন্দ খাড়গে-সহ অন্যান্য জোট সঙ্গীদের। যদিও সংখ্যার নিরিখে এনডিএ-র পাল্লা ভারী, তবুও এর আগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো এক্ষেত্রেও ‘আদর্শের লড়াই’ লড়তে চায় বিরোধী পক্ষ।

অন্যদিকে, এনডিএ শিবিরের প্রার্থী হিসেবে পুনরায় হরিবংশের নাম প্রায় নিশ্চিত। ৯ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে ফের রাজ্যসভায় মনোনীত করেছেন। ১০ এপ্রিল শপথ নেওয়ার পর থেকেই জল্পনা ছিল, এনডিএ আবার তাঁকেই ফেরাতে চাইছে। শাসক জোটের সমস্ত শরিক দলই হরিবংশের নামে সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ এপ্রিলের নির্বাচনে অভিজ্ঞ সাংবাদিক হরিবংশ বনাম তুখোড় বাগ্মী মনোজ ঝার লড়াই এখন স্রেফ সময়ের অপেক্ষা।

Samrat Das
  • Samrat Das