রুতুরাজ কি তবে বাতিলের খাতায়? চেন্নাইয়ের ক্যাপ্টেনের লাগাতার ব্যর্থতায় ধৈর্যের বাঁধ ভাঙছে ভক্তদের!

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের অন্দরমহলে আশঙ্কার কালো মেঘ। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের অফ-ফর্ম যেন পিছু ছাড়ছেই না। মরসুমের শুরু থেকেই ব্যাট হাতে রান পেতে লড়াই করছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন সিএসকে অধিনায়ক। বাঁ-হাতি স্পিনার অনুকূল রায়ের বলে মাত্র ৬ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে, দলে তাঁর জায়গার যৌক্তিকতা নিয়ে। এমনকি সঞ্জু স্যামসনকে অধিনায়ক করার জোরালো দাবিও উঠতে শুরু করেছে।
পরিসংখ্যান বলছে, চলতি আইপিএলের ৫ ম্যাচে রুতুরাজ মাত্র ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন। স্ট্রাইক রেটও উদ্বেগজনকভাবে ১০৩.৬৩। কেকেআরের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫, আরসিবির বিরুদ্ধে ৭, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৬ রান করেন তিনি। এই ধারাবাহিক ব্যর্থতার পর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, রুতুরাজের অবিলম্বে দল থেকে বাদ পড়া উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন গায়কোয়াড। ভক্তদের পরামর্শ, অধিনায়কত্বের চাপ সামলাতে না পারলে তিনি যেন তা ছেড়ে দিয়ে শুধু ব্যাটিংয়ে মনোনিবেশ করেন। কেউ কেউ দাবি তুলেছেন, গায়কোয়াডকে বাদ দিয়ে রাজস্থান থেকে আসা সঞ্জু স্যামসনকে নেতৃত্ব দেওয়া হোক এবং ইনিংসের ওপেনিংয়ে সুযোগ দেওয়া হোক উর্বিল প্যাটেলকে।
উল্লেখ্য, ২০২৫-২৬ টি-টোয়েন্টি মরসুমটাও রুতুরাজের জন্য দুঃস্বপ্নের মতো কাটছে। শেষ ১০ ইনিংসে ১৮.৪ গড়ে তিনি মাত্র ১৮৪ রান করেছেন। স্ট্রাইক রেটও ১৩০-এর নিচে এবং অবাক করা বিষয় হলো, প্রায় ৪০ শতাংশ বল তিনি ডট করেছেন। সিএসকে-র মতো সফল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের এই পারফরম্যান্স কি বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আরও সহ্য করবে? এখন সেটাই দেখার।