১০ লাখ ফলোয়ার বনাম দীর্ঘদিনের আনুগত্য! গুজরাট নির্বাচনে বিজেপির অন্দরেই বিদ্রোহ, অঙ্কিতার পথে কাঁটা নয়না

গুজরাট স্থানীয় সংস্থা নির্বাচনের দামামা বাজতেই রাজনীতির ময়দানে এখন উত্তাপের শিখরে গ্ল্যামার বনাম অভিজ্ঞতা। বিজেপি ভাদোদরা জেলা পঞ্চায়েতের পোর আসনের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়া সেনসেশন ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অঙ্কিতা পারমারকে। কিন্তু এই ঘোষণার পর থেকেই খুশিতে নাচে নয়, বরং ক্ষোভে ফুটছে গেরুয়া শিবিরের একাংশ।

তৃণমূল বনাম গ্ল্যামার: কেন এই বিদ্রোহ? দীর্ঘদিনের দলের একনিষ্ঠ কর্মীদের দাবি ছিল, পোর আসনে টিকিট দেওয়া হোক এলাকার পরিচিত মুখ নয়না পারমারকে। কিন্তু দল তরুণী ইনফ্লুয়েন্সার অঙ্কিতার ওপর আস্থা রাখতেই শুরু হয় অসন্তোষ। কর্মীদের অভিযোগ, মাঠের কর্মীদের উপেক্ষা করে ‘ডিজিটাল জনপ্রিয়তা’কে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই ক্ষোভ থেকেই এখন নয়না পারমার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন, যা সরাসরি অঙ্কিতার ভোট ব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করা হচ্ছে।

কে এই অঙ্কিতা পারমার? ইনস্টাগ্রামে ১০ লক্ষেরও বেশি ফলোয়ার নিয়ে অঙ্কিতা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ফিটনেস এবং নারী ক্ষমতায়ন নিয়ে তাঁর ভিডিও ইন্টারনেটে ঝড়ের গতিতে ঘোরে। তবে রাজনীতিতে তিনি একেবারে নতুন নন।

  • ২০২১: ভাদোদরা তহসিল পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন।

  • ২০২৩: তহসিল পঞ্চায়েতের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।

  • ২০২৬: বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি নিযুক্ত হন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় গুজরাট একদিকে নয়না পারমারের গ্রাসরুট লেভেলের মজবুত সংগঠন, অন্যদিকে অঙ্কিতার বিশাল ডিজিটাল ফ্যানবেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লড়াইটা এবার আর শুধু ভোট বাক্সের নেই, লড়াইটা হয়ে দাঁড়িয়েছে ‘পরিচিতি বনাম জনপ্রিয়তার’। নয়না নির্দল হিসেবে দাঁড়ালে পোর আসনে বিজেপির জয়ের রাস্তা কতটা কঠিন হবে, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, গুজরাট স্থানীয় সংস্থা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল এবং ফলাফলের মাধ্যমে জয়-পরাজয়ের ফয়সালা হবে ২৮শে এপ্রিল