প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হিং স্র রূপ! মেয়ের প্রাণ কাড়ল অ্যাসিড, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা

প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার ‘অপরাধে’ ২৩ বছরের এক তরুণীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারল তাঁর প্রাক্তন প্রেমিক। বৃহস্পতিবার রাতে রামকোলা থানার মোরওয়ান গ্রামে এই নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন কাজল যাদব নামে ওই তরুণী। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাঁর মা লীলাবতী দেবী (৫৮)।

পুলিশ সূত্রে খবর, কাজল ও অভিযুক্ত ছোটেলাল খারওয়ারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি কাজলের বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় তিনি ছোটেলালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরেই আক্রোশে ফুঁসছিল অভিযুক্ত। অভিযোগ, ঘটনার দিন ভোর সাড়ে ৩টে নাগাদ ছোটেলাল ও তার এক সহযোগী অনুজ কুশওয়াহা ছাদ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কাজল ও তাঁর মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই জানলা দিয়ে তাঁদের ওপর অ্যাসিড ঢেলে পালিয়ে যায় তারা।

আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে কুশীনগর মেডিক্যাল কলেজে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়, যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন কাজল। কুশীনগরের এসপি কেশব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত ছোটেলাল এবং তার সহযোগী অনুজকে গ্রেফতার করেছে। জেরায় তারা স্বীকার করেছে যে, বিহারের গোপালগঞ্জ থেকে এই অ্যাসিড জোগাড় করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।