কলকাতায় ভোটারের মড়ক! ৯১ লক্ষ নাম বাদ রাজ্যে, ঘরছাড়া হওয়ার আশঙ্কায় তিলোত্তমার কয়েক হাজার পরিবার

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা সেই ক্ষতকেই আরও গভীর করল। কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য নির্ধারণে বড়সড় রদবদল লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে কয়েক হাজার নাম বাদ পড়ায় শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতা দক্ষিণ জেলায় বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ৭৮,৬৫৭ জন, যার মধ্যে ২৮,৪৬৮ জনের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। অন্যদিকে, কলকাতা উত্তর জেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক; সেখানে ৬১,২৩৬ জন বিচারাধীন ভোটারের মধ্যে ৩৯,১৬৪ জনের নাম বাদ পড়েছে। কলকাতা উত্তরের কাশিপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, মানিকতলা, জোড়াসাঁকো, এন্টালি, বেলেঘাটা ও চৌরঙ্গী এবং কলকাতা দক্ষিণের কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জের মতো হাই-প্রোফাইল কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জেলাওয়ারি পরিসংখ্যানে সবথেকে বেশি নাম বাদ পড়ার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। সেখানে ১ কোটি ১০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম ডিলিট করা হয়েছে। উল্টোদিকে, সবথেকে কম নাম বাদ গিয়েছে ঝাড়গ্রামে। কমিশন জানিয়েছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য ইতিমধ্যেই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নিষ্পত্তি হয়ে গেলেও ই-স্বাক্ষর না হওয়ায় তা এখনও ঝুলে আছে। ওই প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে।