কোটির ওপর সম্পত্তি, হাতে নগদ কত? নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের ব্যাঙ্ক ব্যালেন্স জানলে চমকে যাবেন

নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে এবার যুযুধান দুই পক্ষই পরিচিত মুখ। একদিকে হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে তাঁরই একসময়ের ছায়াসঙ্গী, বর্তমানে তৃণমূলের বাজি পবিত্র কর। বয়ালের বাসিন্দা ৪৩ বছর বয়সী পবিত্রের কাঁধেই এবার নন্দীগ্রাম ‘পুনরুদ্ধার’-এর দায়িত্ব সঁপেছে তৃণমূল নেতৃত্ব। গত ৩০ মার্চ শুভেন্দু মনোনয়ন জমা দেওয়ার পর, এবার নিজের হলফনামা পেশ করলেন পবিত্র। পেশায় মৎস্যচাষী এই তৃণমূল প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান এখন আমজনতার চর্চায়।

আয়ের খতিয়ান:
হলফনামা অনুযায়ী, পবিত্র করের আয় গত কয়েক বছরে ধাপে ধাপে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৫৫০ টাকা, যা মাসে প্রায় ৪১,৫০০ টাকার কাছাকাছি। তবে তাঁর স্ত্রী শিউলি কর বা সন্তানদের আয়ের জায়গায় ‘প্রযোজ্য নয়’ বলে উল্লেখ করেছেন প্রার্থী।

নগদ ও সোনা-দানা:
পবিত্র কর জানিয়েছেন, তাঁর কাছে বর্তমানে নগদ ৫৪,৫৩০ টাকা রয়েছে এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ২৮,২৭৪ টাকা। তবে চমক রয়েছে স্বর্ণালঙ্কারের হিসেবে। পবিত্রর কাছে ৫০ গ্রাম সোনা থাকলেও তাঁর স্ত্রী শিউলি করের কাছে রয়েছে ৪০০ গ্রাম সোনার গয়না, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। প্রার্থীর নিজস্ব অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা, আর স্ত্রীর নামে রয়েছে ৭০ লক্ষ ৭৩ হাজার ৪১ টাকার অস্থাবর সম্পত্তি। এ ছাড়াও তাঁর ওপর নির্ভরশীল চারজনের নামেও লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে।

জমি ও বসতবাড়ি:
পবিত্র করের আয়ের প্রধান উৎস মৎস্যচাষ। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর নামে একাধিক কৃষিজমি রয়েছে যার বর্তমান বাজারমূল্য ৭২ লক্ষ ১৩ হাজার টাকার বেশি। স্ত্রীর নামেও ১৩ লক্ষ ৭৫ হাজার টাকার কৃষিজমি রয়েছে। তবে যে বাড়িতে তিনি সপরিবারে থাকেন, সেটি তাঁর নামে নেই বলে জানিয়েছেন প্রার্থী। ১৯৯৮ সালে মাধ্যমিক পাশ করা পবিত্রর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে অঙ্কটা কোটির ঘর ছাড়িয়েছে। নন্দীগ্রামের এই ‘ভূমিপুত্র’ শেষ পর্যন্ত মৎস্যচাষের জালে ভোট টানতে পারেন কি না, এখন সেটাই দেখার।