মেয়ের বিয়েতে ২৫ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার! আজই জানুন ‘রূপশ্রী’ প্রকল্পের খুঁটিনাটি

রাজ্যের সাধারণ মানুষের আর্থিক স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে ২০১৮ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ‘রূপশ্রী’ প্রকল্প বিশেষ জনপ্রিয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা। যাতে বিয়ের খরচ সামলাতে দরিদ্র পরিবারগুলিকে চড়া সুদে ঋণ নিতে না হয়, সেই উদ্দেশ্যেই এই প্রকল্প আনা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
আবেদনকারী কন্যাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।
কন্যার বয়স ১৮ বছর এবং পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে।
শুধুমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।
আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় নথি ও আবেদন পদ্ধতি:
আবেদন করার জন্য পারিবারিক আয়ের শংসাপত্র, পাত্র-পাত্রীর বয়সের প্রমাণপত্র (আধার/ভোটার/মাধ্যমিক অ্যাডমিট), রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং বিয়ের নিমন্ত্রণপত্রের কপি প্রয়োজন। বিডিও (BDO), এসডিও (SDO) বা পুর কমিশনারের অফিসে বিয়ের অন্তত ১-২ মাস আগে আবেদনপত্র জমা দিতে হবে। সব ঠিক থাকলে বিয়ের ৪-৫ দিন আগেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়।