টিকিট বাতিল করলেও ফিরবে পুরো টাকা! বিমানযাত্রীদের জন্য ডিজিসিএ-র ঐতিহাসিক উপহার

অনেক সময় তাড়াহুড়ো করে ভুল তারিখের টিকিট বুক হয়ে যায়, আবার কখনও শেষ মুহূর্তে বাতিলের চড়া ফি-র ভয়ে লোকসান সইতে হয় যাত্রীদের। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিল বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। আগামী ২৬শে মার্চ থেকে কার্যকর হতে চলা নতুন নিয়মে, ফ্লাইট টিকিট বাতিল বা পরিবর্তন করলেও পকেট থেকে বাড়তি এক টাকাও খসবে না যাত্রীদের।

কী এই ৪৮ ঘণ্টার ‘লুক-ইন অপশন’? ডিজিসিএ-র নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট বুক করার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত যাত্রীরা ‘লুক-ইন অপশন’ পাবেন। অর্থাৎ, বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে যদি আপনি সেই টিকিট বাতিল করেন বা ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান, তবে এয়ারলাইন্স সংস্থা কোনও ‘ক্যানসেলেশন ফি’ বা জরিমানা নিতে পারবে না। যারা শেষ মুহূর্তে পরিকল্পনা বদলান বা বুকিংয়ে ভুল করেন, তাদের জন্য এটি এক বিশাল সুরক্ষা কবচ।

সুবিধা পাওয়ার প্রধান শর্তাবলি: তবে এই জিরো-ক্যানসেলেশন সুবিধা পেতে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে:

  • সরাসরি বুকিং: টিকিট অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হবে।

  • ভ্রমণের ব্যবধান: অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে বুকিং ও ভ্রমণের তারিখের মধ্যে অন্তত ৭ দিনের ব্যবধান থাকতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই ব্যবধান হতে হবে কমপক্ষে ১৫ দিন।

  • ভাড়ার পার্থক্য: তারিখ পরিবর্তনের ক্ষেত্রে বাতিলকরণ ফি শূন্য হলেও, নতুন টিকিটের দাম যদি আগের চেয়ে বেশি হয়, তবে সেই বর্ধিত ভাড়া যাত্রীকে দিতে হবে।

টাকা ফেরতের কড়া সময়সীমা: টিকিট বাতিলের পর রিফান্ড পেতে আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। ডিজিসিএ-র নতুন প্রবিধানে স্পষ্ট জানানো হয়েছে:

  • ক্রেডিট কার্ড: ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দিতে হবে।

  • এজেন্ট বা পোর্টাল: ১৪ কার্যদিবসের মধ্যে টাকা ফেরতের দায়ভার সম্পূর্ণ এয়ারলাইন্স কর্তৃপক্ষের।

  • নগদ পেমেন্ট: এয়ারলাইন্স অফিস থেকে তৎক্ষণাৎ নগদ টাকা ফেরত নিতে পারবেন যাত্রী।