‘আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা!’ রেখা পাত্রকে নিয়ে আদি-নব্য দ্বন্দ্বে বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই প্রার্থী তালিকা নিয়ে চরম অন্তর্দ্বন্দ্বে বিদ্ধ বিজেপি। সন্দেশখালির আলোচিত মুখ রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করায় ক্ষোভের আগুন ছড়িয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। আর এই সুযোগ হাতছাড়া না করে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে বেনজির আক্রমণ শানালেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তাঁর ফেসবুক পোস্ট— ‘আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা’— এখন রাজ্য রাজনীতির হট টপিক।

হিঙ্গলগঞ্জে ‘বহিরাগত’ রেখা পাত্র? বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই রবিবাসরীয় সল্টলেকের রাজ্য দফতরে নেমে আসে অশান্তির মেঘ। হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীদের দাবি, রেখা পাত্র সন্দেশখালি বিধানসভা এলাকার বাসিন্দা, তিনি হিঙ্গলগঞ্জের ‘ভূমিপুত্র’ নন। সল্টলেকের অফিসের সামনে পতাকা হাতে স্লোগান ওঠে— ‘রেখা পাত্রকে মানছি না, মানব না’। বিক্ষোভকারীদের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে রেখা পাত্রর জন্য লড়াই করে কর্মীরা মার খেলেও, বিপদের দিনে এই নেত্রীকে পাশে পাওয়া যায়নি। এমনকি ফোন করলেও তিনি ধরেন না বলে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মীরা।

কুণাল ঘোষের ফেসবুক বাণ বিজেপির এই ঘরোয়া বিবাদকে হাতিয়ার করে আসরে নেমেছেন কুণাল ঘোষ। তিনি ফেসবুকে লেখেন, “বিজেপির রেখা পাত্রের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।” তৃণমূলের দাবি, যে দল নিজেদের কর্মীদের অসন্তোষ সামলাতে পারে না, তারা বাংলাকে সামলানোর স্বপ্ন দেখছে কীভাবে?

জেলায় জেলায় প্রার্থী-বিক্ষোভ শুধু হিঙ্গলগঞ্জ নয়, বিজেপির প্রার্থী ঘিরে ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছে নারায়ণগড়, খড়্গপুর-সহ একাধিক জেলায়। নারায়ণগড়ে তো বিক্ষোভের জেরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ‘আদি বনাম নব্য’ বিজেপির লড়াই গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ৪ মে ভোটের ফলাফলে এই অন্তর্দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।