চৈতন্য মঠে পুজো দিয়ে ময়দানে রেখা! হিঙ্গলগঞ্জে জয়ের লক্ষ্যে প্রচার শুরু সন্দেশখালির ‘প্রতিবাদী’ মুখের

২০২৪-এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে লড়াই করে হারলেও, রেখা পাত্রর ওপর থেকে আস্থা হারায়নি বিজেপি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ (SC) আসন থেকে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় তালিকায় তাঁর নাম ঘোষণার পরই শুক্রবার সকাল থেকে প্রচারে নেমে পড়েন তিনি। চৈতন্য মঠে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করেন রেখা।

তৃণমূল কংগ্রেস এই আসনে প্রার্থী করেছে আনন্দ সরকারকে। লোকসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ এলাকা থেকে তৃণমূল ভালো লিড পেয়েছিল, যা রেখা পাত্রর লড়াইকে কিছুটা কঠিন করে তুলতে পারে। তবে রেখা পাত্র আত্মবিশ্বাসী যে, সন্দেশখালির আন্দোলনের যে আগুন তিনি জ্বালিয়েছিলেন, তার প্রতিফলন হিঙ্গলগঞ্জের ব্যালট বক্সেও দেখা যাবে। পরিবারের সমর্থন এবং দলের কর্মীদের উৎসাহকে পাথেয় করে তিনি এবার জয়ের ব্যাপারে আশাবাদী।