“অন্যায় করতে পারছেন না বলেই কমিশনের ওপর রাগ,” মমতার ষড়যন্ত্রের অভিযোগকে নস্যাৎ করলেন দিলীপ ঘোষ!

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূলের অন্দরে যে চরম অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার প্রচারের ময়দান থেকে দিলীপ দাবি করেন, তৃণমূলের প্রার্থী তালিকায় যে ব্যাপক রদবদল করা হয়েছে, তা আসলে শাসকদলের ভেতরে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট না দেওয়া এবং ১৫ জনকে নিজেদের কেন্দ্র থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানোর সিদ্ধান্তকেই তৃণমূলের পতনের কারণ হিসেবে দেখছেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “যাঁদের টিকিট দেওয়া হয়নি এবং যাঁদের জোর করে অন্য জায়গায় পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ক্ষোভ ধিকধিক করে জ্বলছে। এই আগুনই তৃণমূলকে পুড়িয়ে খাক করে দেবে।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দিলীপের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের ওপর রেগে যাচ্ছেন কারণ তিনি এবার কোনওরকম কারচুপি বা অনিয়ম করতে পারছেন না। কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেই দিদিমণির এত জ্বালা।”
এদিন খড়গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় দিলীপ ঘোষকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। তিনি মনে করিয়ে দেন যে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই বিজেপির জয়ের পথ প্রশস্ত করছে। একদিকে মতুয়া ভোট নিয়ে নতুন সমীকরণ, অন্যদিকে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী—সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর সহ গোটা রাজ্যেই বিজেপি এবার সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে দাবি বর্ষীয়ান এই নেতার।