ইজরায়েলে কি বড় কোনো অঘটন ঘটেছে? নেতানিয়াহুর ‘মৃত্যু সংবাদ’ নিয়ে মুখ খুলল ইজরায়েল

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যিই বেঁচে আছেন? নাকি ইরানের পালটা হামলায় প্রাণ হারিয়েছেন তিনি? গত কয়েক দিন ধরে এই প্রশ্নে তোলপাড় আন্তর্জাতিক দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তাঁর মৃত্যুর খবর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খোদ ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরকে (PMO) এই বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে হয়েছে।

জল্পনার সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। যেখানে দাবি করা হচ্ছে, নেতানিয়াহুর হাতের আঙুল ৬টি দেখা যাচ্ছে, যা থেকে অনেকেরই সন্দেহ এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি ভুয়ো ভিডিও। মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত সঞ্চালিকা ক্যানড্যান্স ওয়েনস সরাসরি প্রশ্ন তুলেছেন, “নেতানিয়াহু যদি সুস্থই থাকেন, তবে তিনি প্রকাশ্যে আসছেন না কেন?” তাঁর মতে, হোয়াইট হাউস এবং ইজরায়েল সরকার কোনো এক রহস্যজনক কারণে সত্য গোপন করছে।

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ। দাবি করা হয়েছিল, ইজরায়েল ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইর মৃত্যু হয়েছে। এরপরই ইরানের পক্ষ থেকে পালটা দাবি করা হয় যে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুকে ‘খতম’ করা হয়েছে। গত ৫ দিন ধরে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় নীরব থাকায় জল্পনা আরও তীব্র হয়েছে। কারণ, ইয়ার দিনে গড়ে ৩০-৪০টি পোস্ট করার জন্য পরিচিত।

যদিও ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই সমস্ত খবরকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, “প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং যুদ্ধের রণকৌশল সাজাতে ব্যস্ত রয়েছেন।” কিন্তু ভিডিওতে ধরা পড়া আঙুলের অসংগতি এবং জনসমক্ষে তাঁর অনুপস্থিতি আমজনতার মনে সন্দেহ জিইয়ে রেখেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এটি ইরানের একটি সাইবার প্রোপাগান্ডাও হতে পারে। তবে যতক্ষণ না নেতানিয়াহু নিজে লাইভ ভিডিও বা জনসমক্ষে আসছেন, ততক্ষণ এই রহস্যের সমাধান হচ্ছে না।