পশ্চিমবঙ্গে কত দফায় ভোট? আজ বিকেল ৪টেয় ভাগ্যনির্ধারণ করবে নির্বাচন কমিশন!

অপেক্ষার অবসান। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতে চলেছে আজই। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ও নির্ঘণ্ট আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নবান্ন দখলের এই হাই-ভোল্টেজ লড়াইয়ে এবার কত দফায় ভোট হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহলের শেষ নেই। কমিশন সূত্রের খবর, গতবারের মতো দীর্ঘ আট দফার পরিবর্তে এবার অনেকটাই কম দফায় ভোট করার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মাত্র ২ থেকে ৩ দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ ১৫ এপ্রিলের পরেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। রাজ্যের পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা পরিস্থিতির মূল্যায়ন করেন। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, এবার আর দীর্ঘ মেয়াদী ভোট নয়, বরং দ্রুত ভোট প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। আগামী ৩০ এপ্রিলের মধ্যেই অধিকাংশ ভোট মিটিয়ে ফেলার লক্ষ্য রয়েছে তাদের। তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি দফা মে মাসের প্রথম সপ্তাহেও যেতে পারে।
রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রেখেছে। বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। প্রশাসন সূত্রে খবর, ৩০ এপ্রিলের মধ্যে সিংহভাগ ভোট প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ মে মাসের প্রথম সপ্তাহেই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আজকের এই ঘোষণার পরই গোটা রাজ্যে কার্যকর হবে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। দিল্লির এই সাংবাদিক বৈঠকের দিকেই এখন তাকিয়ে বাংলার কয়েক কোটি ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি।