পকোড়া আনতে গেলেন স্বামী, বাস থেকে উধাও নববধূ! মোরাদাবাদ বাস স্ট্যান্ডে টানটান রহস্য

ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি বাস স্ট্যান্ডের। আমরোহা জেলার বাসিন্দা প্রীতম তাঁর ১৮ বছর বয়সী স্ত্রী রিমঝিমকে বাপের বাড়ি থেকে নিয়ে ফিরছিলেন। বাস পরিবর্তনের জন্য তাঁরা বিলারি স্ট্যান্ডে নামেন এবং পরবর্তী বাসে উঠে বসেন। বাস ছাড়ার ঠিক আগে রিমঝিম জানান যে তাঁর খুব খিদে পেয়েছে। স্ত্রী আবদার মেটাতে প্রীতম বাস থেকে নেমে কাছের দোকানে পকোড়া কিনতে যান।

পকোড়া নিয়ে কয়েক মিনিটের মধ্যে বাসে ফিরে এসে প্রীতম দেখেন রিমঝিমের সিট ফাঁকা। সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, ওই তরুণী ফোনে কথা বলতে বলতে বাস থেকে নেমে গেছেন। দীর্ঘক্ষণ আশপাশে খুঁজে এবং ফোন সুইচ অফ পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন স্বামী। প্রীতমের সন্দেহ, রিমঝিম তাঁর গ্রামেরই কোনো যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মোরাদাবাদ পুলিশ।