সময়সীমা পেরোলেই গুণতে হবে জরিমানা! কাদের জন্য বাধ্যতামূলক অগ্রিম কর? জেনে নিন খুঁটিনাটি

২০২৫-২৬ অর্থবছর শেষের পথে। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, আগামী ১৫ই মার্চের মধ্যে করদাতাদের অগ্রিম কর বা ‘অ্যাডভান্স ট্যাক্স’-এর চতুর্থ এবং শেষ কিস্তি পরিশোধ করতে হবে। ভারতে আয়কর ব্যবস্থায় বছরের শেষে একবারে করের বোঝা না চাপিয়ে সারা বছর ধরে চারটি কিস্তিতে আনুমানিক আয়ের ওপর কর দেওয়ার এই পদ্ধতি চালু রয়েছে। এতে সরকারের রাজস্ব যেমন নিশ্চিত হয়, তেমনই করদাতারাও বড় আর্থিক চাপ থেকে রেহাই পান।
কারা দেবেন এই কর?
যাঁদের বার্ষিক করের দায় (TDS, TCS বাদ দেওয়ার পর) ১০ হাজার টাকা বা তার বেশি, তাঁদের জন্য অ্যাডভান্স ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। ফ্রিল্যান্সার, কনসালট্যান্ট, বাড়ি ভাড়া থেকে আয় করা ব্যক্তি বা শেয়ার ও মিউচুয়াল ফান্ড বিক্রি করে যাঁদের মূলধনী লাভ হয়েছে, তাঁদের এই কর দিতে হবে। তবে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক, যাঁদের কোনো ব্যবসায়িক আয় নেই, তাঁরা এই করের আওতার বাইরে।
দেরি হলে বিপদ:
১৫ই মার্চের মধ্যে বকেয়া করের ১০০ শতাংশ পরিশোধ না করলে আয়কর আইনের ২৩৪বি ও ২৩৪সি ধারা অনুযায়ী প্রতি মাসে ১ শতাংশ হারে সুদ ধার্য করা হতে পারে। ১৫ জুন (১৫%), ১৫ সেপ্টেম্বর (৪৫%) এবং ১৫ ডিসেম্বর (৭৫%) কিস্তি দেওয়ার পর এটিই হলো শেষ সুযোগ। তাই অতিরিক্ত সুদের বোঝা এড়াতে দ্রুত এই কিস্তি মেটানো জরুরি।