যুবশ্রী প্রকল্পের টাকা নিয়ে হাহাকার! মেসেজ এলেও অ্যাকাউন্টে ঢুকছে না ১৫০০ টাকা, মাথায় হাত বেকারদের

রাজ্য বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ (Yuva Sathi) প্রকল্প নিয়ে এখন চরম বিভ্রান্তি ছড়িয়েছে রাজ্যজুড়ে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল। কিন্তু গত ৭ মার্চ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই সামনে এসেছে একগুচ্ছ যান্ত্রিক ত্রুটি। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের অধিকাংশের ফোনেই ‘ট্রানজাকশন ফেইল্ড’ মেসেজ আসায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিভ্রান্তির মূলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর:
আবেদনকারীদের অভিযোগ, সরকার থেকে পাঠানো মেসেজে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ডিজিটাল গরমিল দেখা যাচ্ছে। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ১৪ সংখ্যার হলেও সরকারি মেসেজে দেখাচ্ছে ১৩টি সংখ্যা। আবার অনেকের অ্যাকাউন্ট নম্বর ১৫ বা ১৬ সংখ্যার, যা শুরু হচ্ছে ‘০’ দিয়ে। এই ডিজিটাল বিভ্রাটের কারণেই টাকা ক্রেডিট হচ্ছে না বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কয়েক হাজার আবেদনকারী।

অসহযোগিতার অভিযোগ সরকারি দপ্তরে:
হতাশ আবেদনকারীরা জানিয়েছেন, সমস্যার সমাধানের জন্য তারা স্থানীয় সরকারি দপ্তর বা ব্যাঙ্কে গেলেও কোনও সুরাহা মিলছে না। অভিযোগ উঠেছে, অনলাইনে আবেদন করার কারণে সরকারি কর্মীরা কোনো দায় নিতে চাইছেন না। এমনকি যুবসাথী পোর্টালের হেল্পলাইন নম্বরটিও অধিকাংশ সময় সুইচড অফ থাকছে। রাজ্য সরকারের খতিয়ান অনুযায়ী, প্রায় ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯ জন অনলাইনে আবেদন করেছিলেন, যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।