ইরানের ৪৪তম ক্ষেপণাস্ত্র হানা! পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধেয়ে এল ব্যালিস্টিক মিসাইল

পশ্চিম এশিয়ায় ইজরায়েল-মার্কিন বনাম ইরান যুদ্ধ আজ ১৪তম দিনে পা দিল। আর এই বিশেষ দিনেই পালটা আঘাত হানতে মরিয়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ৪৪তম পর্যায়টি শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

টার্গেট মার্কিন ঘাঁটি:
বিভিন্ন প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলির নিশানায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডন এবং খোদ ইজরায়েলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি। হামলার খবর চাউর হতেই সংশ্লিষ্ট দেশগুলিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সক্রিয় করা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা।

ইরানের চরম হুঁশিয়ারি:
ইরানের কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’-এর পক্ষ থেকে এক ভয়াবহ বার্তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, যদি ইরানের নিজস্ব বন্দর বা জ্বালানি পরিকাঠামোয় কোনও আঘাত আসে, তবে ইরান পালটা পদক্ষেপ হিসেবে পুরো অঞ্চলের তেল ও গ্যাস শিল্পকে “পুড়িয়ে ছারখার” করে দেবে।

ট্রাম্পকে লারিজানির বার্তা:
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট করে জয়লাভ করা অসম্ভব।” তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, আমেরিকা তাদের “মারাত্মক ভুল হিসাবের” জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরান এই লড়াই চালিয়ে যাবে।