ছবিতে ‘রবিবরণ’ ! মমতা থেকে বিমান, নয়া রাজ্যপালকে ওয়েলকাম

তিলোত্তমার আকাশে এক নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার সাড়ে এগারোটায় রাজভবনের ঐতিহাসিক দরবার হলে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ রাজনৈতিক মহলে ছিল টানটান উত্তেজনা। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে অনুষ্ঠানে ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি, যা ইদানিংকালের বঙ্গ রাজনীতিতে বেশ ব্যতিক্রমী।
ঘড়ির কাঁটায় তখন ঠিক ১১:৩০। প্রথা মেনে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে সামনের সারিতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর তাঁদের মধ্যে সৌজন্য বিনিময়ও হতে দেখা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তবে সবচেয়ে নজরকাড়া উপস্থিতি ছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। দীর্ঘ সময় পর রাজভবনের কোনও অনুষ্ঠানে শাসক-বিরোধী এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের একই ফ্রেমে দেখা গেল।
রবীন্দ্র নারায়ণ রবি এর আগে নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন। পোড়খাওয়া এই প্রাক্তন আইপিএস আধিকারিকের প্রশাসনিক দক্ষতা প্রশ্নাতীত। পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে তাঁর ভূমিকা ঠিক কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। তবে এদিনের ‘রবিবরণ’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্পিকারের উপস্থিতিতে এক ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। শপথ শেষে নতুন রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, রাজভবন ও নবান্নের এই সুসম্পর্ক আগামী দিনে কতটা দীর্ঘস্থায়ী হয়।