গ্যাস বুকিংয়ে বড় বদল! সিলিন্ডার পেতে এখন করতে হবে দীর্ঘ অপেক্ষা, কড়া নির্দেশ মোদী সরকারের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতের জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। একদিকে বাণিজ্যিক গ্যাসের অভাবে মুম্বইয়ের ২০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধের মুখে, অন্যদিকে এবার সাধারণ মানুষের ঘরের রান্নার গ্যাসের (LPG) রিফিল বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একবার সিলিন্ডার বুক করার পর পরবর্তী সিলিন্ডারের জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
কী সেই নতুন নিয়ম? আগে একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করার জন্য ন্যূনতম ২১ দিন অপেক্ষা করতে হতো। সরকারের নতুন সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ, রিফিল বুকিংয়ের অপেক্ষার সময় একধাক্কায় ৪ দিন বেড়ে গেল। মন্ত্রকের আধিকারিকদের মতে, যুদ্ধের আবহে মানুষ যাতে গ্যাস মজুত করে না রাখে এবং সিলিন্ডারের ন্যায্য বণ্টন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।
কালোবাজারি ও সরবরাহে টান: বাণিজ্যনগরী মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের জোগান তলানিতে ঠেকায় খাদ্যশিল্পে বিপর্যয় নেমে এসেছে। হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR) জানিয়েছে, গ্যাসের অভাবে বহু নামী হোটেলের উনুন জ্বলছে না। এই পরিস্থিতি যাতে সাধারণ মানুষের হেঁশেলে না পৌঁছায়, তাই শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
দাম কি বাড়ছে? আপাতত পেট্রোল ও ডিজেলের দামে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারের আশেপাশে থাকলেও, অভ্যন্তরীণ বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এখন কেন্দ্রের প্রধান চ্যালেঞ্জ।