উচ্চমাধ্যমিকে বছরে দু’বার পরীক্ষা নয়! ডিএসও-র মিছিলে উত্তাল কসবা, স্কুল পরিদর্শকের অফিসের গেটে তালা

উচ্চমাধ্যমিক স্তরে নতুন প্রবর্তিত ‘সেমিস্টার সিস্টেম’ বাতিল এবং স্কুলগুলিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতির প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতা। বামপন্থী ছাত্র সংগঠন ডিএসও-র (DSO) ডাকে এই বিক্ষোভকে কেন্দ্র করে কসবা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্কুল পরিদর্শকের (DI) অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিতে হয় পুলিশকে।

বিক্ষোভের মূল কারণ: আন্দোলনকারী ছাত্রদের দাবি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, তা সাধারণ পড়ুয়াদের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি করছে। বছরে দু’বার পরীক্ষার এই জটিল নিয়ম অবিলম্বে প্রত্যাহার করে পুরনো বার্ষিক পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি, বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর থাকার ব্যবস্থা করায় পঠনপাঠন লাটে উঠেছে বলে অভিযোগ ডিএসও-র। তাঁদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে সেনার উপস্থিতি পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: এদিন কসবা দক্ষিণ কলকাতা ল’কলেজ থেকে ডিআই অফিস পর্যন্ত এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি অফিসের সামনে পৌঁছালে পুলিশের তৈরি গার্ডরেইল ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। বর্তমানে ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে এবং এলাকা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম ব্যাচের সেমিস্টার পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংসদ এই পদ্ধতিকে আধুনিক বললেও ছাত্রদের একাংশ এবং ডিএসও এর তীব্র বিরোধিতা করছে। শিক্ষা ক্ষেত্রে এই অচলাবস্থা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।