ক্রিকেট ইতিহাসে মহাবিপ্লব! ৮৪ ম্যাচের ম্যারাথন আইপিএল, ২৮ মার্চ থেকে শুরু ‘পাগলামি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবার ক্রিকেটের সবথেকে বড় উৎসব আইপিএল (IPL 2026) নিয়ে উত্তজনা তুঙ্গে। এবারের আইপিএল কেবল দীর্ঘতম সিজনই নয়, বরং একগুচ্ছ প্রযুক্তিগত ও প্রশাসনিক পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট, যা চলবে টানা ৬৪ দিন ধরে অর্থাৎ ৩১ মে পর্যন্ত।

ম্যাচ সংখ্যা ও ফরম্যাটে বদল: ২০২২ সাল থেকে ১০ দলের ফরম্যাটে ৭৪টি ম্যাচ দেখা গেলেও এবার সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৮৪। দলগুলি এবার সম্পূর্ণ ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে দুবার করে লড়বে। ফলে লড়াই হবে আরও হাড্ডাহাড্ডি।

স্যাটেলাইট স্টেডিয়াম ও নতুন ভেন্যু: নির্বাচন এবং পরিকাঠামোগত কারণে বেশ কিছু দল তাদের হোম ম্যাচগুলো একাধিক শহরে খেলবে।

  • রাজস্থান রয়্যালস: জয়পুরের পাশাপাশি গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে ৩টি ম্যাচ খেলবে। বিশেষত অসমের ঘরের ছেলে রিয়ান পরাগ অধিনায়ক হওয়ায় উত্তর-পূর্ব ভারতে উন্মাদনা থাকবে তুঙ্গে।

  • আরসিবি: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ৫টি হোম ম্যাচ এম. চিন্নাস্বামীতে খেললেও ২টি ম্যাচ খেলবে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে।

  • পাঞ্জাব কিংস: হিমাচল প্রদেশের ধর্মশালাকে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।

অধিনায়কত্ব ও প্রযুক্তি: এবারের আইপিএলে নেতৃত্বে বড় রদবদল এসেছে। চেন্নাই সুপার কিংসের ব্যাটন ফের রুতুরাজ গায়কোয়াড়ের হাতে, তবে এমএস ধোনি থাকছেন কেবল উইকেটকিপার-ব্যাটার হিসেবে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রিয়ান পরাগ। এছাড়া থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নির্ভুল ও দ্রুত করতে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’ প্রযুক্তি ব্যবহার করা হবে প্রতিটি স্টেডিয়ামে। আগামী ৩১ মে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো ফাইনাল।