রাস্তায় কম সরকারি বাস? দায়িত্ব নিয়েই বড় ঘোষণা নয়া পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের!

রাজ্যের পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। বুধবার আরএন মুখোপাধ্যায় রোডে দফতরে এসে দায়িত্ব বুঝে নেওয়ার পরই, তিনি জানিয়েছেন আগামী দিনে দফতরের আধুনিকীকরণ ও পরিষেবা উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
প্রথম লক্ষ্য সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি: দায়িত্ব নিয়েই অর্জুন সিং স্পষ্ট করে দিয়েছেন, যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ—রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস পাওয়া যায় না। তিনি বলেন, “আমি যাত্রীদের সমস্যার কথা জানি। রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই হবে আমার প্রথম অগ্রাধিকার।” জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলায় তিনি আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস নামানোর পক্ষে সওয়াল করেছেন।
প্রাক্তনদের কটাক্ষ ও ‘লিজে’র অভিযোগ: বিগত সরকারের আমলে ট্রাম ডিপোর জমি বিক্রি বা লিজে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নয়া মন্ত্রী রীতিমতো আক্রমণাত্মক মেজাজে বলেন, “পিসি-ভাইপো মিলে এই রাজ্যটাকেই লিজে দিয়ে দিয়েছেন।” সরকারি বাসের চালক ও কর্মীদের একাংশের বিরুদ্ধে জ্বালানি চুরির যে অভিযোগ রয়েছে, তা-ও তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। এছাড়া, প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সময়ের বিভিন্ন ফাইল খুঁজে দেখার কথাও উল্লেখ করেছেন তিনি।
শ্রম দফতর নিয়ে নতুন ভাবনা: শ্রম দফতরের দায়িত্ব নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্জুন সিং। দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “শ্রম দফতর এতদিন অবহেলিত ছিল। এই দফতরে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমি শ্রমিক ইউনিয়ন করে এসেছি, তাই সমস্যার শিকড় আমি বুঝি।”
পরিবহণ দফতর ও সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্জুন সিং জানিয়েছেন, আজ সবেমাত্র প্রথম দিন। তিনি দফতরের আধিকারিকদের সাথে দফায় দফায় বৈঠক করে সমস্ত সমস্যা ও চ্যালেঞ্জগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের পথে হাঁটবেন। অর্জুনের এই দায়িত্ব গ্রহণের পর রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন কোনো বড় পরিবর্তনের অপেক্ষায় এখন শহরবাসী।