নির্বাচন কমিশনারের ‘ভুল’ ধরলেন ব্রাত্য! জাতীয় সঙ্গীত না গান? জ্ঞানেশ কুমারের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই উত্তপ্ত বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এবার স্বয়ং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘সাধারণ জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার কলকাতার এক সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমারের একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূলের অভিযোগ, দেশের অন্যতম শীর্ষ সাংবিধানিক পদে থেকেও তিনি জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছেন।
ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে বাংলায় কথা বলতে শুরু করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, “আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি উনিও কম্পোজড করেছেন বন্দে-মাতরম।” ব্রাত্য বসুর দাবি, বক্তব্যের এক জায়গায় কমিশনার ‘জনগণমন’-কে আমাদের ‘জাতীয় গান’ (National Song) হিসেবে উল্লেখ করেছেন।
ব্রাত্য বসুর আক্রমণ: ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হন শিক্ষামন্ত্রী। তিনি লেখেন, “দেশের অন্যতম উচ্চ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি জানেনই না কোনটা আমাদের জাতীয় সঙ্গীত এবং কোনটা জাতীয় গান। আজ উনি জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-কে আমাদের ‘জাতীয় গান’ হিসেবে বর্ণনা করেছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
প্রেক্ষাপট: উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’ বা জাতীয় গান গাওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সেই আবহেই জ্ঞানেশ কুমারের এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঘি পড়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কমিশনার অহিংস ও অবাধ ভোটগ্রহণে বদ্ধপরিকর এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাঁদের লক্ষ্য। তবে ভোটের আগে কমিশনারের এই ‘ভুল’কে হাতিয়ার করে আক্রমণ শানাতে ছাড়ছে না শাসক দল।