আর্শদীপের নামের পাশে ‘লাল দাগ’! আইসিসি-র কড়া পদক্ষেপে বিপাকে টিম ইন্ডিয়ার পেসার, জানুন ঠিক কী ঘটেছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললেও ভারতীয় শিবিরে খুশির আমেজে কিছুটা তাল কাটল। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হলেন ভারতের তারকা বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। আইসিসি-র (ICC) কড়া নির্দেশে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের নিয়ামক সংস্থার ২.৯ ধারা ভঙ্গ করার অপরাধে এই শাস্তি পেলেন তিনি।

কী ঘটেছিল সেই অভিশপ্ত ওভারে? গত রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ফাইনাল চলাকালীন কিউয়ি ইনিংসের একাদশ ওভারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর্শদীপের একটি লো-ফুলটস বল সজোরে খেলেন ব্যাটার ডারিল মিচেল। বলটি সরাসরি আর্শদীপের হাতে জমা পড়ে। সেই সময় মিচেল ক্রিজ থেকে সামান্য বাইরে ছিলেন। আর্শদীপ দেরি না করে বলটি সরাসরি মিচেলের দিকে ছুড়ে দেন, যা সজোরে তাঁর গায়ে লাগে। এই ঘটনায় ক্ষুব্ধ মিচেল আর্শদীপের দিকে তেড়ে আসেন এবং তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শেষমেশ অধিনায়ক সূর্যকুমার যাদব পরিস্থিতি শান্ত করেন।

আইসিসি-র কড়া পদক্ষেপ: ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাঁর রিপোর্টে জানিয়েছেন, আর্শদীপ লেভেল-১ অপরাধ করেছেন। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্ফের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি আর্শদীপের নামের পাশে একটি ‘ডিমেরিট পয়েন্ট’ও যুক্ত করা হয়েছে। ভারতীয় পেসার নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, এই বিশ্বকাপে ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আর্শদীপের অবদান অনস্বীকার্য। তবে ফাইনালের এই অনভিপ্রেত ঘটনা তাঁর কেরিয়ারে একটি কালো দাগ হয়ে রইল।