বাংলার যুবসাথীর ১৫০০ টাকা কেন পাচ্ছেন না সবাই? আপনার আবেদন কি বাতিল হলো? জেনে নিন আসল কারণ!

পশ্চিমবঙ্গ সরকারের নতুন চমক ‘বাংলার যুবসাথী প্রকল্প’ নিয়ে বর্তমানে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, গত ৭ই মার্চ থেকে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১৫০০ টাকা ঢুকতে শুরু করেছে। তবে খুশির খবরের মাঝেই দুশ্চিন্তা বেড়েছে এক বিশাল অংশের আবেদনকারীর। অনেকেরই অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পের জন্য প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটি আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক আবেদনকারীর নথি যাচাই করা অত্যন্ত সময়সাপেক্ষ। যারা সরাসরি সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন, তাঁদের তথ্য আগে থেকেই সিস্টেমে থাকায় দ্রুত যাচাই করা সম্ভব হচ্ছে। কিন্তু যারা বিভিন্ন ক্যাম্প বা ‘দুয়ারে সরকার’-এ অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাঁদের তথ্য ম্যানুয়ালি কম্পিউটারে তোলার কাজ চলছে। ফলে অফলাইন আবেদনকারীদের টাকা পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।
তদন্তে উঠে এসেছে, টাকা না পাওয়ার পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে। আপনি যদি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা যুবশ্রী প্রকল্পের সুবিধা পান, তবে এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে না হওয়া, ভোটার কার্ডের অস্পষ্ট ছবি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (DBT) না থাকা আবেদন বাতিলের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে অফিসিয়াল পোর্টাল yubasathi.wb.gov.in-এ গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে তবে হেল্পডেস্ক নম্বর ৬২৯২২৪৮৮৮৮-এ যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে সরকার। আধিকারিকদের মতে, যাদের আবেদন সঠিক আছে, তারা ধাপে ধাপে অবশ্যই টাকা পাবেন।