জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ, দফার জল্পনার মাঝেই নবান্নের সঙ্গে সংঘাত তুঙ্গে

বাংলার বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার প্রহর গোনা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচির রেশ কাটতে না কাটতেই আগামী সপ্তাহে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, আগামী ৯ এবং ১০ মার্চ দু’দিনের সফরে কলকাতায় আসছে কমিশনের পূর্ণাঙ্গ দল। মনে করা হচ্ছে, এই সফরের পরেই অর্থাৎ ১০ মার্চের পরবর্তী ২-৩ দিনের মধ্যেই জারি হতে পারে নির্বাচনী নির্ঘণ্ট।
বৈঠকের মেগা শিডিউল চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল ৮ মার্চ রাতেই কলকাতায় পৌঁছবে। ৯ মার্চ সকালে প্রথমেই রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। প্রতিটি দলকে নিজেদের বক্তব্য পেশ করার জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে। এরপর পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠকে বসবে কমিশন।
প্রশাসনের সঙ্গে সমন্বয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের ডিজি, সিপি এবং সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন কমিশনের প্রতিনিধিরা। কেবল আইনশৃঙ্খলা নয়, ভোট পরিচালনার জন্য পরিবহণ, স্বাস্থ্য, পিডব্লিউডি এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গেও সমন্বয় বৈঠক হবে।
কবে ঘোষণা হবে দিনক্ষণ? প্রশাসনিক মহলের ধারণা, ফুল বেঞ্চ দিল্লি ফিরে গিয়ে পরিস্থিতির সবিস্তার বিশ্লেষণ করবে। এরপর চলতি মাসের মাঝামাঝি সময়েই চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে। কত দফায় ভোট হবে এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কেমন হবে, তা এই সফরের পরেই স্পষ্ট হয়ে যাবে।