মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের রোশনাই, দুবাই-মদিনায় আতঙ্কে আটকে শুভশ্রী থেকে ফিরহাদ-কন্যা!

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইজরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মরুদেশগুলি। আর এই যুদ্ধের আঁচ এসে লেগেছে সুদূর বাংলার অন্দরমহলে। রায়গঞ্জের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিংবা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পরিবার— প্রিয়জনদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছেন সকলে।

হোটেলের ঘরে বন্দি শুভশ্রী, উদ্বিগ্ন রাজ ছেলের সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে যুদ্ধের কবলে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, তাঁর হোটেলের আশেপাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্ধমানের বাড়িতে বসে উদ্বেগে দিন কাটাচ্ছেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছেন, “ওরা নিরাপদ আছে, তবে সরকারি নির্দেশে হোটেলের বাইরে বেরোনো নিষেধ।” ৫ মার্চ তাঁদের ফেরার কথা থাকলেও বিমান পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

মদিনায় আটকে ফিরহাদ-পরিবার পবিত্র রমজান মাসে মদিনা সফরে গিয়ে আটকে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা প্রিয়দর্শিনী ও নাতনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় প্রিয়দর্শিনী জানিয়েছেন, আকাশপথ বন্ধ থাকায় তাঁরা ফিরতে পারছেন না। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “স্ত্রী-কন্যা বিদেশে থাকায় চিন্তা তো থাকেই। বুধবার ওদের ফেরার কথা, দেখা যাক কী হয়।”

রায়গঞ্জের শুভজিতের ঘরে ফেরা অনিশ্চিত কর্মসূত্রে সৌদি আরবে থাকা রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের সোমবারই দেশে ফেরার কথা ছিল। কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর ফেরা অনিশ্চিত। জেড্ডা থেকে ভিডিও কলে শুভজিৎ জানান, রিয়াজে বিস্ফোরণ হয়েছে এবং তাঁদের ঘরের বাইরে বেরোতে মানা করা হয়েছে। রায়গঞ্জে দুই সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী মৌমিতা। আপাতত আকাশের মিসাইল আর মাটির উৎকণ্ঠা— এই দুইয়ের মাঝেই ঝুলে রয়েছে কয়েকশ বাঙালির ভাগ্য।