‘SIR করুন আর FIR, বিজেপি ৫০ পেরোবে না!’— মেগা ধরনার ডাক দিয়ে হুঁশিয়ারি অভিষেকের

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, প্রায় ৬৩ লক্ষ বৈধ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টো থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার তৃণমূল ভবন থেকে এক অগ্নিগর্ভ সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আপনারা SIR করুন আর FIR করুন, বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে থাকবে। ২০২১-এ যা হয়েছিল, ২০২৬-এ তার চেয়েও ভয়াবহ পরিণতি হবে গেরুয়া শিবিরের।” অভিষেক অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে কারচুপি করার চেষ্টা করছে বিজেপি।
তৃণমূল নেতার প্রশ্ন, “২০ দিনের মধ্যে ৫০০ লোক মিলে কোন জাদুকাঠিতে ১ কোটির বেশি নাম যাচাই করবে? যদি এত নাম ‘বিবেচনাধীন’ থাকে, তবে কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রীর পদও তো অবৈধ হওয়া উচিত।” তিনি আরও জানান, তিনবারের বিধায়কের নাম পর্যন্ত তালিকা থেকে বাদ গিয়েছে, যা নজিরবিহীন। এই আন্দোলন কেবল কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আরও বৃহত্তর রূপ নেবে বলেও এদিন স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।