হুইলচেয়ারেই গতির ঝড়! বর্ধমানের মাঠে বিশেষভাবে সক্ষমদের দাপট দেখে স্তম্ভিত ক্রীড়াপ্রেমীরা

শারীরিক প্রতিবন্ধকতা যে কেবল মনের ভুল, তা আরও একবার প্রমাণ করে দিলেন পূর্ব বর্ধমানের একদল অদম্য যুবক। বর্ধমানের গাংপুর সংলগ্ন ভিনসেন্ট এরিনা স্পোর্টস টার্ফে আয়োজিত হল এক অনন্য ক্রীড়া উৎসব। যেখানে ‘প্যারা অ্যাথলেট’ ক্রিকেটারদের ব্যাট-বলের তান্ডব দেখে উপস্থিত দর্শকদের কার্যত লোম খাড়া হয়ে গিয়েছিল। ফিট ইন্ডিয়া উদ্যোগের অধীনে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছিল “রাইজিং বিয়ন্ড বাউন্ডারিজ”।
মঞ্চে প্রমীলা শক্তি ও লড়াকু অ্যাথলেটরা এই টুর্নামেন্টটি কেবল বিশেষভাবে সক্ষমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গ্রামীণ এলাকার প্রতিভাবান মহিলা খেলোয়াড়দের এক ছাদের তলায় আনাই ছিল মূল লক্ষ্য। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— মহিলা ফুটবল, মহিলা খো খো এবং প্যারা অ্যাথলেট ক্রিকেট। প্রতিটি বিভাগে চারটি করে দল অংশগ্রহণ করেছিল। সবুজ টার্ফে যখন প্রমীলা বাহিনী গতির ঝড় তুলেছিল, তখন মাঠের অন্য প্রান্তে হুইলচেয়ারে বসেই মাঠ কাঁপিয়েছেন বিশেষভাবে সক্ষম ক্রিকেটাররা।
সুযোগের অভাবে প্রতিভা যেন না হারায় আয়োজকদের মতে, প্রত্যন্ত এলাকার মহিলারা এবং বিশেষভাবে সক্ষমরা অনেক সময় পরিকাঠামো বা সঠিক সুযোগের অভাবে নিজেদের প্রমাণ করতে পারেন না। সামাজিক বাধা এবং তথ্যের অভাব তাঁদের পিছিয়ে দেয়। সেই অন্ধকার কাটিয়ে তাঁদের জন্য একটি উপযুক্ত মঞ্চ তৈরি করতেই এই প্রয়াস। টুর্নামেন্টের শেষে খেলোয়াড়দের চোখে-মুখে ছিল আগামীর স্বপ্ন। এই উদ্যোগ কেবল একটি খেলার আয়োজন নয়, বরং সমাজকে বার্তা দেওয়া যে জেদ থাকলে যে কোনো বাঁধাই তুড়ি মেরে উড়ানো সম্ভব।