ভোটের আগেই রণসজ্জা শিলিগুড়িতে! শহরে ঢুকল কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই কি শুরু রুটমার্চ?

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বঙ্গে বেজে গিয়েছে যুদ্ধের দামামা। শনিবার রাতেই শিলিগুড়িতে পা রাখল কেন্দ্রীয় বাহিনীর প্রথম কোম্পানি। সশস্ত্র সীমা বল বা এসএসবি-র জওয়ানরা রানীডাঙা সদর দফতর থেকে এসে পৌঁছেছেন ডাবগ্রাম মহিলা মহাবিদ্যালয়ে। রবিবার সকাল থেকেই শিলিগুড়ি শহরের অলিগলিতে রুটমার্চ শুরু করতে চলেছে বাহিনী। মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং এলাকায় শান্তি বজায় রাখতেই এই আগাম তৎপরতা।

নিরাপত্তার ব্লু-প্রিন্ট শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে খবর, প্রাথমিকভাবে মোট চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। মহিলা মহাবিদ্যালয় ছাড়াও রেলের ইনডোর স্টেডিয়ামে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগম এলাকার ১৩টি স্পর্শকাতর বুথ এবং নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়ার মতো এলাকাগুলোতে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দেবে।

ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা বাহিনীর আগমনের মধ্যেই ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে উদ্বেগের বিষয় হলো, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। অর্থাৎ, তাঁদের নথি সংক্রান্ত বিবাদ মেটেনি। একদিকে কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ আর অন্যদিকে ভোটাধিকার হারানো নিয়ে সাধারণ মানুষের আশঙ্কা— সব মিলিয়ে শিলিগুড়ির রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।