সেমিতে যেতে কালঘাম ছুটছে ভারতের, অন্যদিকে পাকিস্তানের রাস্তা পরিষ্কার! ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম নাটক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ পর্বে ভারতীয় সমর্থকদের জন্য দুঃসংবাদ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে যে টিম ইন্ডিয়াকে অপরাজেয় মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার কাছে সুপার-৮-এর প্রথম ম্যাচেই ৭৬ রানে হেরে তারা এখন খাদের কিনারায়। এই বড় ব্যবধানে হারের ফলে ভারতের নেট রান রেট এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেছে, যা সেমিফাইনালের সমীকরণকে করে তুলেছে অত্যন্ত জটিল। ভারতের এই বিপর্যয়ের আবহেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য সেমিফাইনালের রাস্তা অনেকটা মসৃণ দেখাচ্ছে।

গ্রুপ ২-এ থাকা সলমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদিও বৃষ্টির কারণে তাদের একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল, কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি বলছে, পাকিস্তান কেবল দুটি সহজ শর্ত পূরণ করলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। প্রথমত, তাদের বাকি থাকা ম্যাচগুলোতে জয় নিশ্চিত করতে হবে (অন্তত একটি বড় ব্যবধানে)। দ্বিতীয়ত, নেট রান রেট ইতিবাচক অবস্থানে নিয়ে যেতে হবে যাতে নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা তাদের টপকাতে না পারে।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচটিই হতে চলেছে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট। বর্তমানে ইংল্যান্ড +২.৫৫০ নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও, পাকিস্তান যদি তাদের হারাতে পারে, তবে সেমির লড়াই থেকে ইংল্যান্ডকে ছিটকে দেওয়া সহজ হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটিই চূড়ান্ত করে দেবে গ্রুপ ২-এর ভাগ্য। ভারতীয় দল যখন সেমির টিকিট পেতে সমীকরণের জালে বন্দি, তখন পাকিস্তান দল অনেকটা খোলামনে মাঠে নামার সুযোগ পাচ্ছে। ক্রিকেট প্রেমীদের নজর এখন ২৪ তারিখের পাকিস্তান বনাম ইংল্যান্ড মহারণের দিকে।