মুসলিম কোটা নিয়ে বড় মামলা সিজেআই-এর বেঞ্চে! ‘হোমওয়ার্ক কোথায়?’—তথ্য ছাড়া সংরক্ষণে নারাজ সুপ্রিম কোর্ট

পাসমান্ডা মুসলিমদের (Pasmanda Muslims) পৃথক সংরক্ষণের দাবি ঘিরে এবার সুপ্রিম কোর্টে বড়সড় আইনি লড়াই শুরু হলো। সোমবার ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়। আবেদনকারী মহম্মদ ওয়াসিম সাইফি রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওবিসি (OBC) কোটার অধীনে পাসমান্ডা মুসলিমদের জন্য ১০ শতাংশ পৃথক সংরক্ষণের আবেদন জানিয়েছিলেন।
তবে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদনকারীর তথ্যের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “আপনার তথ্যের উৎস কোথায়? মুসলিমদের মধ্যে পাসমান্ডারাই যে একমাত্র পিছিয়ে পড়া শ্রেণি, তার প্রমাণ কী?” সিজেআই আরও কড়া ভাষায় জানতে চান, কেন অন্যান্য দরিদ্র মুসলিমদের বঞ্চিত করে শুধুমাত্র পাসমান্ডাদেরই এই সুবিধা দেওয়া হবে। আদালতের স্পষ্ট বার্তা—সুনির্দিষ্ট তথ্য এবং ‘হোমওয়ার্ক’ ছাড়া কোনো সম্প্রদায়ের কোটা নিয়ে আলোচনা করা সম্ভব নয়।
আবেদনকারীর আইনজীবী অঞ্জনা প্রকাশ মামলাটিকে অন্ধ্রপ্রদেশের ৪% মুসলিম সংরক্ষণ সংক্রান্ত বিচারাধীন মামলার সাথে যুক্ত করার আর্জি জানান। আদালত সেই অনুরোধে কান না দিলেও আবেদনকারীকে বিস্তারিত নোট দাখিলের জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছে। পাসমান্ডা মুসলিমদের নিয়ে বিজেপির বাড়তি আগ্রহ এবং মোদী সরকারের ‘স্নেহ মিলন’ কর্মসূচির আবহে এই মামলাটি আগামী দিনে দেশের রাজনীতিতে বড়সড় ঝাপটা আনতে পারে বলে মনে করা হচ্ছে।