৩ নাকি ৪ মার্চ? মহারাষ্ট্রে দোল পূর্ণিমার ছুটি নিয়ে তুঙ্গে বিভ্রান্তি! ব্যাংক বন্ধ থাকবে কোন দিন?

রঙের উৎসব দোল বা হোলি (Holi 2026) দোরগোড়ায়, কিন্তু উৎসবের দিনক্ষণ নিয়ে মহারাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। পঞ্জিকা মতে, ২ মার্চ হোলিকা দহন হলেও রঙের হোলি বা ধুলন্ডি ৩ মার্চ পালিত হবে নাকি ৪ মার্চ—তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই বিভ্রান্তির মূলে রয়েছে ২০ বছর পর হোলির দিন পড়তে চলা এক বিরল চন্দ্রগ্রহণ।
জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, ৩ মার্চ দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ চন্দ্রগ্রহণ শুরু হবে। ধর্মীয় বিশ্বাস মতে, গ্রহণের সময় শুভ কাজ বা উৎসব উদযাপন করা যায় না। এই কারণেই দেশের অনেক জায়গায় ৪ মার্চ রঙের উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপনি যদি ব্যাংকের কাজের পরিকল্পনা করে থাকেন, তবে সাবধান! রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, মহারাষ্ট্রে ৩ মার্চ (মঙ্গলবার) হোলি উপলক্ষে ব্যাংক ছুটির ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ, মানুষ যদি ৪ মার্চ হোলি পালন করে, তবুও ব্যাংক কিন্তু ৩ তারিখেই বন্ধ থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার যদি ৪ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে, তবে টানা দু’দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই চেক ক্লিয়ারিং বা ডিমান্ড ড্রাফটের মতো গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা ২ মার্চের মধ্যেই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য এটিএম এবং ইউপিআই (UPI) পরিষেবা উৎসবের দিনগুলিতেও সচল থাকবে।