বন্দিদের জন্য জেলের ভেতর চাই ‘স্মোকিং জোন’! জেলমুক্তির পর রাজপাল যাদবের আজব দাবিতে তোলপাড় বি-টাউন!

বলিউডের কমেডি কিং রাজপাল যাদব (Rajpal Yadav) এখন খবরের শিরোনামে। জেল থেকে মুক্তি পাওয়ার পর তাঁর একের পর এক সাক্ষাৎকার ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। বিশেষ করে নওয়াজুদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) একটি পুরনো মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা, যা নিয়ে এখন মায়ানগরীতে জোর চর্চা।

নওয়াজুদ্দিন একদা জানিয়েছিলেন যে, রাজপাল যাদব নিজের বাড়িতে কার্যত ‘লঙ্গর’ খুলে বসেছিলেন। স্ট্রাগলারদের কষ্ট বুঝতেন বলে কাউকেই না খাইয়ে ছাড়তেন না তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল এই কৃতিত্ব নিতে অস্বীকার করেন। বিনম্রভাবে তিনি জানান, “নওয়াজুদ্দিন যা বলেছেন তা হয়তো ভালোবাসার খাতিরে, কিন্তু আমি মনে করি সেই লঙ্গর আমার নয়, ওটা নওয়াজেরই ছিল। ও আমাকে লড়াইয়ের দিনে অনেক সাহায্য করেছে।” অভিনেতা আরও যোগ করেন যে, আজ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, তার পেছনে অনেকের অবদান রয়েছে এবং তিনি সকলের কাছে কৃতজ্ঞ।

তবে শুধুমাত্র পুরনো কাসুন্দি ঘেঁটেই থেমে থাকেননি রাজপাল। জেলবন্দিদের জন্য তাঁর একটি দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি ও বিতর্ক দুই-ই শুরু হয়েছে। রাজপালের দাবি, বিমানবন্দর বা রেল স্টেশনের মতো জেলের ভেতরেও বন্দিদের জন্য একটি নির্দিষ্ট ‘স্মোকিং জোন’ বা ধূমপান করার এলাকা থাকা উচিত। নিজে ধূমপান ছাড়তে না পারার যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, যেহেতু তামাকজাত পণ্য দেশের বড় ব্যবসা এবং অনেকেই এতে আসক্ত, তাই বন্দিদের এই সুবিধাটুকু দেওয়া প্রয়োজন। যদিও তিনি স্পষ্ট করেছেন যে তিনি ধূমপানকে সমর্থন করছেন না, তবুও তাঁর এই ‘আজব’ দাবি এখন টক অফ দ্য টাউন।