পার্লারের দামী ট্রিটমেন্ট নয়, ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তির রূপের রহস্য লুকিয়ে রান্নাঘরের এই সাধারণ জিনিসে!

বলিউডের পর্দায় তিনি কখনও রহস্যময়ী ‘বুলবুল’, কখনও আবার ‘অ্যানিম্যাল’-এর সেই সাহসী জোয়া। আজ, ২৩ ফেব্রুয়ারি, ৩২-এ পা দিলেন বলিউডের বর্তমান হার্টথ্রব তৃপ্তি দিমরি। তাঁর উজ্জ্বল ত্বক আর একঢাল চুলের রহস্য জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে অভিনেত্রী ফাঁস করলেন তাঁর রূপচর্চার সেই গোপন রুটিন, যা অত্যন্ত সহজ এবং সাশ্রয়ী।
তৃপ্তি বিশ্বাস করেন, আসল সৌন্দর্য আসে ভেতর থেকে নিজেকে ভালোবাসলে। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর ত্বকের যত্নে খুব বেশি রাসায়নিক পণ্যের জায়গা নেই। সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে ভিটামিন সি সিরাম, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন—ব্যাস, এই তিন ধাপেই তাঁর দিনের শুরু। রাতেও ঘুমের আগে হালকা ময়েশ্চারাইজার মাখতে ভোলেন না তিনি। তবে অভিনেত্রীর গ্ল্যামারের আসল চাবিকাঠি লুকিয়ে আছে সাবেকি ঘরোয়া টোটকায়।
তৃপ্তির কথায়, “আমি দিদির কাছ থেকে শেখা আমলকী, রিঠা আর শিকাকাই ভিজিয়ে চুলে লাগানোর প্রথা আজও মেনে চলি।” শুধু চুল নয়, ত্বকের জন্য ঋতুভেদে আলাদা প্যাক ব্যবহার করেন তিনি। গরমকালে ত্বক সতেজ রাখতে বেসন, দই আর হলুদের মিশ্রণ মাখেন, আর শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সেই প্যাকে যোগ করেন মধু।
ফিটনেস নিয়েও তৃপ্তির দর্শন বেশ আলাদা। খুব বেশি কড়া ডায়েট বা জিমের ভারী কসরতে তিনি বিশ্বাসী নন। পাইলেটস, হালকা কার্ডিও আর মেপে ব্যায়াম করেন সারা বছর। খাবারের তালিকায় মোমো আর নুডলস তাঁর প্রিয় হলেও, ব্যালেন্স করতে ভুল করেন না। যেদিন এই সব মুখরোচক খাবার খান, সেদিনই ডায়েটে রাখেন গ্রিন স্মুদি। তৃপ্তির সহজ মন্ত্র— “মন খুশি থাকলে শরীর ভালো থাকে, আর তার জেল্লা ফুটে ওঠে ত্বকে।”