তামিলনাড়ুর ভোটার তালিকায় বিশাল রদবদল! বাদ পড়ল ৭৪ লক্ষ নাম, নতুন ভোটার কত?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবারের বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার পর দেখা গিয়েছে, তালিকা থেকে বাদ গিয়েছে ৭৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। তবে নাম বাদ গেলেও উল্লেখযোগ্য হারে নতুন ভোটারও অন্তর্ভুক্ত হয়েছেন দক্ষিণ ভারতের এই রাজ্যে।
কমিশনের তথ্য অনুযায়ী, সংশোধনের আগে তামিলনাড়ুর ভোটার তালিকায় ৬ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৫৮৭ জনের নাম ছিল। এসআইআর প্রক্রিয়া শেষে রাজ্যে মোট ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ৭ হাজার ৩৮০ জনে। ৭৪ লক্ষ নাম বাদ পড়ার পাশাপাশি ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। এই নতুন ভোটারদের মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষই তরুণ প্রজন্ম (১৮ থেকে ১৯ বছর বয়সী), যা নির্বাচনের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পরিসংখ্যান বলছে, তামিলনাড়ুতে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। মোট ভোটারদের মধ্যে ২ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৮৩৮ জন মহিলা এবং ২ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ৯২৫ জন পুরুষ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭,৬১৭ জন। রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে শোলিনগানাল্লুর কেন্দ্রে, যেখানে ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৩৬ হাজার পার করেছে। পশ্চিমবঙ্গ-সহ যে পাঁচটি রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে তামিলনাড়ুর এই নতুন তালিকা নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।