পাশ করাতে স্যারকে ১০০ টাকার ‘ঘুষ’! সমাজবিজ্ঞান পরীক্ষার খাতায় কবিতা ও স্লোগান লিখে শোরগোল নেটপাড়ায়

উত্তরপ্রদেশের হামিরপুর জেলার সুমেরপুরে মা গীতা মহেশ্বরী ইন্টার কলেজের এক ছাত্রের সমাজবিজ্ঞান পরীক্ষার খাতা ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে। রাঘব নামে দ্বাদশ শ্রেণির ওই ছাত্র পরীক্ষার প্রশ্নের উত্তর না লিখে খাতা ভরিয়ে দিয়েছে কবিতা, ধর্মীয় স্লোগান এবং বিচিত্র সব দাবিতে। শুধু তা-ই নয়, শিক্ষককে তুষ্ট করে পাশ করার আশায় খাতার পাতায় সেঁটে দিয়েছে ১০০ টাকার নোটও!

কী লিখেছে সেই ছাত্র? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খাতার প্রথম পাতায় লেখা ‘জয় শ্রী রাম, জয় হনুমান দাদা’। পরের পাতায় শিক্ষককে উদ্দেশ্য করে লেখা, “সরি স্যার, ভুল করে ছেড়ে দিয়েছি।” একটি জায়গায় ইতিহাসের আজব ব্যাখ্যা দিয়ে সে লিখেছে, “বাবরের বাবার নাম কী? ছত্রপতি শিবাজি মহারাজ। ১০০-র মধ্যে ১০০। জয় শ্রী রাম।” এখানেই শেষ নয়, খাতার বিভিন্ন পাতায় ১০০ টাকার নোট সেঁটে দিয়ে শিক্ষককে পরোক্ষভাবে পাশ করানোর অনুরোধও করেছে সে।

ইনস্টাগ্রামে ‘in.indians’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই খাতার ছবি ও ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। কেউ ছাত্রের ‘সৃজনশীলতা’ দেখে হেসেই খুন, আবার কেউ বর্তমান শিক্ষাব্যবস্থা ও পরীক্ষার চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশের মতে, পড়াশোনার চেয়ে বিনোদন আর স্লোগানকেই বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান প্রজন্ম, যার প্রতিফলন দেখা যাচ্ছে পরীক্ষার খাতায়।