দিল্লি-মিরাট এবার মাত্র কয়েক মিনিটে! মোদীর হাতে শুরু দেশের দ্রুততম ট্রেন ও মেট্রো পরিষেবা

যাতায়াতের ঝক্কি কমিয়ে গতির জোয়ার আনতে আজ, রবিবার উত্তরপ্রদেশের মিরাটে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ১২,৯৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ডালি সাজিয়ে এই মেগা সফরের মূল আকর্ষণ— দেশের প্রথম ‘নমো ভারত’ আরআরটিএস (RRTS) এবং দিল্লি-মিরাট করিডোরের পূর্ণাঙ্গ পথটির উদ্বোধন।

আজকের সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা নাগাদ শতাব্দী নগর স্টেশন থেকে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর শতাব্দী নগর থেকে মিরাট সাউথ পর্যন্ত তিনি নিজে মেট্রো সফর করবেন। এরপর দুপুর ১টা নাগাদ একাধিক প্রকল্পের শিলান্যাস সেরে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এই ৮২ কিলোমিটার দীর্ঘ করিডোর দিল্লি ও মিরাটের দূরত্বকে কার্যত হাতের মুঠোয় নিয়ে এল। ১৮০ কিমি সর্বোচ্চ গতিবেগের এই ‘নমো ভারত’ ট্রেনটিই এখন দেশের দ্রুততম আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। আজ দিল্লির সরাই কালে খাঁ থেকে নিউ অশোক নগর পর্যন্ত অংশেরও উদ্বোধন হচ্ছে। ফলে সাহিবাবাদ ও গাজিয়াবাদ হয়ে দিল্লি পৌঁছানো এখন সময়ের অপেক্ষা মাত্র। পাশাপাশি, মিরাটের জন্য থাকছে বড় চমক— দেশের মধ্যে প্রথমবার একই ট্র্যাকে চলবে নমো ভারত ও মেট্রো। ১২০ কিমি গতিবেগের এই মিরাট মেট্রোয় দক্ষিণ মিরাট থেকে মোদিপুরম পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।