ভাঙড়ে ফের মাঝরাতে ‘রক্তস্নান’! তৃণমূলের বৈঠকে আইএসএফ-জমি রক্ষা কমিটির হামলা, ভাঙচুর নেতার গাড়ি।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ফের রক্তঝরল ভাঙড়ে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার পোলেরহাট ২ নম্বর অঞ্চলে তৃণমূল ও আইএসএফ-এর সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সংগঠন মজবুত করতে তৃণমূল কর্মীরা যখন বৈঠকে বসেছিলেন, তখনই আইএসএফ এবং জমি রক্ষা কমিটির সমর্থকরা একযোগে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়।

সংঘর্ষের জেরে দুই তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানোর পাশাপাশি তৃণমূল নেতা খয়রুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়েই এলাকায় পৌঁছায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি সামাল দিতে শুরু হয়েছে পুলিশি টহল।

রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “তৃণমূলের সংগঠন শক্তিশালী হচ্ছে দেখে বিরোধীরা ভয় পেয়েছে। তাই গণতান্ত্রিক লড়াই ছেড়ে ওরা এখন হামলার পথ বেছে নিয়েছে।” দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, আইএসএফ-এর পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত থমথমে ভাঙড়ে মোতায়েন রয়েছে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।