ভোটের আগে বীরভূমে হাড়হিম করা কাণ্ড! বিজেপি নেতার দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা!

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বীরভূমের রাজনীতির ময়দান এখন রীতিমতো উত্তপ্ত। তবে এবার সেই উত্তাপ ছড়ালো হাড়হিম করা এক ঘটনায়। বুধবার সকালে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়া অঞ্চলের কুরগ্রামে বিজেপি মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে দেখা যায় এক ভয়াবহ দৃশ্য। অজ্ঞাতপরিচয় কেউ বা কারা তাঁর দরজার সামনে ঝুলিয়ে দিয়ে গেছে রজনীগন্ধার মালা, সাদা থান, ধূপকাঠি এবং এক প্যাকেট মিষ্টি। সাধারণত পারলৌকিক বা অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে ব্যবহৃত এই সামগ্রীগুলি বিজেপি নেতার বাড়ির সামনে মেলায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডলের দাবি, তাঁকে প্রাণে মেরে ফেলার প্রচ্ছন্ন হুমকি দিতেই এই হীন কাজ করা হয়েছে। বিজেপির অভিযোগ, এলাকায় পদ্ম শিবিরের ক্রমবর্ধমান প্রভাব রুখতে এবং কর্মীদের মধ্যে ভয় ধরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই পরিকল্পিত চক্রান্ত করেছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ নসাৎ করে দিয়েছে। তাদের পাল্টা দাবি, লাইমলাইটে আসতে এবং মানুষের সহানুভূতি পেতেই বিজেপি নিজেদের লোকের মাধ্যমে এই কাণ্ড ঘটিয়েছে। এই টানাপোড়েনের মাঝেই রামপুরহাটে পানীয় জলের দাবিতে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ভোটের আগেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাঙামাটির এই জেলা।