BJP জিতলে বাংলায় নিষিদ্ধ হবে মাছ-মাংস! নির্বাচনের আগে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। এবার এক বিস্ফোরক দাবি করে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে, তবে বাংলার চিরাচরিত খাদ্য অভ্যাস এবং মাছ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বিহারের সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুনেছি বিহারের উপ-মুখ্যমন্ত্রী বলছেন খোলা বাজারে মাছ-মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্স থাকলেই ঘরের ভেতরে বিক্রি করা যাবে। তাহলে সাধারণ মানুষ কি এখন শপিং মলে মাছ কিনতে যাবে? আমাদের বেশিরভাগ মাছ বিক্রেতা রাস্তায় টাটকা মাছ বিক্রি করে সংসার চালান। বিজেপি এলে এদের রুটি-রুজি শেষ হয়ে যাবে।” এই ধরণের রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি একে ‘ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।

এর পাশাপাশি নির্বাচনী ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও তুঘলকি তকমা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচনের ঠিক তিন মাস আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায়। মমতার সাফ কথা, “বিজেপি ভাবছে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে যা খুশি করবে, কিন্তু ২০২৬-এর পর দিল্লির এই সরকারের পতন নিশ্চিত।” রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, সাধারণ মানুষের ওপর আক্রমণ হলে তিনি পাল্টা প্রত্যাঘাত করবেন।

Samrat Das
  • Samrat Das