গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ! চোখের নিমেষে ছারখার বসতভিটে, সর্বস্বান্ত পরিবার

মাঝরাতে যখন গোটা গ্রাম গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার বিষ্ণুপুর এলাকায় রবিবার রাতে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল বিমলেন্দু জানা নামে এক ব্যক্তির গোটা বসতভিটে। ভয়াবহ এই ঘটনায় এক প্রতিবেশী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
সর্বগ্রাসী আগুন ও সিলিন্ডার বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমলেন্দু জানার বাড়িতে আচমকাই আগুনের সূত্রপাত হয়। খড় ও কাঠের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ধোঁয়া দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যেই বাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে গেলে আতঙ্ক চরমে পৌঁছায়। বিস্ফোরণের দাপটে আগুন আরও ভয়াবহ আকার নেয়। পরিবারের সদস্যরা কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও, রক্ষা করা যায়নি কোনো আসবাবপত্র বা গুরুত্বপূর্ণ নথি।
সহায় সম্বলহীন পরিবার দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ। ঘরের চাল থেকে শুরু করে বিছানা, আলমারি এমনকি পরনের পোশাকটুকুও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও বিডিওর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিবেশী দেবাশিস মণ্ডল জানান, “চোখের সামনে ঘরটা শেষ হয়ে গেল। আগুনের যা তেজ ছিল, জল দিয়ে নেভানো অসম্ভব হয়ে পড়েছিল। এখন পরনের কাপড় ছাড়া ওই পরিবারের আর কিছুই অবশিষ্ট নেই।”
কারণ নিয়ে ধোঁয়াশা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড। গ্রামবাসীদের দাবি, এলাকায় মাঝেমধ্যেই বৈদ্যুতিক গোলযোগ দেখা যায়। প্রশাসনের কাছে তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে যেন দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন খোলা আকাশের নিচেই দিন কাটছে সর্বস্বান্ত পরিবারটির।