“ভারতকে খালিস্তান করে দেব…”-এ বার আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি মেইল

রাজধানী দিল্লির রেশ কাটতে না কাটতেই এবার বোমাতঙ্কে কাঁপল মোদী-রাজ্য গুজরাট। সোমবার সকালে আমেদাবাদ এবং ভদোদরার একাধিক নামী স্কুলে ই-মেল মারফত বোমা মারার হুমকি পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে পুলিশ প্রশাসন ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। চলছে চিরুনি তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, পাঠানো ই-মেলগুলিতে অত্যন্ত উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। হুমকি বার্তায় ভারতকে ‘খলিস্তান’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে স্কুলগুলি থেকে পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতিটি কোণ খতিয়ে দেখা হচ্ছে। শুধু আমেদাবাদ নয়, পার্শ্ববর্তী শহর ভদোদরার কয়েকটি স্কুলেও একই ধরণের হুমকি মেল আসায় গোটা রাজ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দিল্লির একাধিক স্কুলে একই কায়দায় হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেই সময় মেলগুলোতে কুখ্যাত জঙ্গি আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে ‘খলিস্তান’ বানানোর এবং নির্দিষ্ট সময়ে হামলার হুমকি দেওয়া হয়েছিল। গোয়েন্দাদের ধারণা, আমেদাবাদের এই ঘটনার সঙ্গে দিল্লির সেই হুমকি মেলের গভীর যোগসূত্র থাকতে পারে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা না কি পরিকল্পিত সন্ত্রাসবাদী চক্রান্ত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা ও বিশেষ তদন্তকারী দল। আপাতত আতঙ্কিত না হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন।