কলম্বোর মহারণে স্পিন-যুদ্ধ! বরুণ বনাম উসমান— কার ভেল্কিতে ধরাশায়ী হবে চিরপ্রতিদ্বন্দ্বী?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। তবে এই ম্যাচের ভাগ্য নির্ধারণে ব্যাটারদের থেকে বেশি গুরুত্ব পেতে চলেছেন ‘মিস্ট্রি স্পিনার’রা।
বরুণের প্রত্যাবর্তন ও বর্তমান দাপট: পাঁচ বছর আগে দুবাইয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। কিন্তু পাঁচ বছরে প্রেক্ষাপট বদলেছে। বরুণ এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বোলার। চলতি বিশ্বকাপেও তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন, পকেটে পুরেছেন চারটি উইকেট। কলম্বোর মন্থর পিচে বরুণের মিস্ট্রি স্পিন পাকিস্তানের মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার হতে পারে।
পাক শিবিরে নয়া ত্রাস উসমান তারিক: পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত পাকিস্তানও। তাদের নতুন সংযোজন উসমান তারিক ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন। মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১টি উইকেট নিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপেও তাঁর স্পিন ভেল্কি ব্যাটসম্যানদের দিশেহারা করে দিচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি মেগা টুর্নামেন্টে ভারত স্পিনারদের বিরুদ্ধে একটু বেশিই নড়বড়ে (দুটি ম্যাচে স্পিনারদের হাতে ৮টি উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া)। ফলে উসমান তারিককে সামলানোই হবে সূর্যকুমার যাদবদের সবথেকে বড় পরীক্ষা।