সব পরিস্থিতিতেই থাকবেন খুশি! মনের শান্তির ‘সিক্রেট’ ফাঁস করলেন প্রেমানন্দ মহারা

আজকের ইঁদুর দৌড়ের জীবনে বিলাসিতা বাড়লেও মনের শান্তি যেন কর্পূরের মতো উবে গেছে। স্ট্রেস, অ্যাংজাইটি আর দুশ্চিন্তার এই অন্ধকার সময়ে বৃন্দাবনের পরম শ্রদ্ধেয় সাধক প্রেমানন্দ মহারাজের একটি সৎসঙ্গ ভিডিও নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে। জীবনে যে কোনো পরিস্থিতিতে কীভাবে চিরস্থায়ী আনন্দ বা ‘সুখ’ খুঁজে পাওয়া যায়, তারই অমোঘ রহস্য উন্মোচন করেছেন তিনি।

পার্থিব সুখ কি ক্ষণস্থায়ী? প্রেমানন্দ মহারাজের মতে, আমরা ভাবি বেশি টাকা, বড় গাড়ি বা বড় পদ আমাদের সুখ দেবে। কিন্তু মহারাজ শ্রী বলেন, “জাগতিক সম্পদ থেকে যে সুখ আসে, তা সময়ের সাথে দুঃখে পরিণত হয়।” প্রকৃত সুখ আসলে বাইরের কোনো বস্তুতে নয়, বরং আমাদের অন্তরেই সুপ্ত অবস্থায় থাকে। যখন মন ঈশ্বরের নাম, রূপ বা তাঁর গুণের ওপর নিবদ্ধ হয়, তখনই এক অক্ষয় আনন্দের অনুভূতি জন্ম নেয়।

সুখী থাকার অব্যর্থ দাওয়াই: মহারাজ জি ভগবানের ‘নাম জপ’ করাকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলে অভিহিত করেছেন। তাঁর পরামর্শ—ইচ্ছা থাক বা না থাক, জীবনের প্রতিটি কাজের ফাঁকে নাম জপ চালিয়ে যেতে হবে। এছাড়া শরীরের প্রতি অতিরিক্ত আসক্তি এবং মায়া ত্যাগ করলেই দুঃখ থেকে মুক্তি সম্ভব। তিনি আরও বলেন, কর্মকেই ঈশ্বরের সেবা বলে মনে করুন। নিজের জীবন থেকে প্রতারণা, অসততা এবং অধার্মিকতা ত্যাগ করলে মনের ভেতর যে নির্ভীক ভাব জন্মায়, সেটিই হলো প্রকৃত সুখ। শারীরিক যন্ত্রণা এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কীভাবে নির্ভীক থাকতে হয়, নিজের জীবনের উদাহরণ দিয়ে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বৃন্দাবনের এই সাধক।