সিন্ধু জলবণ্টন চুক্তির জট কাটছে? থমকে থাকা তুলবুল প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা ওমর আবদুল্লার

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মঙ্গলবার বিধানসভায় এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান ও সিন্ধু জলবণ্টন চুক্তির (IWT) আপত্তিতে দীর্ঘদিন ধরে থমকে থাকা দুটি বড় প্রকল্পের কাজ পুনরায় শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর সরকার নিবিড়ভাবে কাজ করছে। প্রকল্প দুটি হলো— ঝিলম নদীর ওপর ‘তুলবুল নেভিগেশন প্রজেক্ট’ (TNP) এবং জম্মু শহরের পানীয় জল সরবরাহের জন্য আখুর সংলগ্ন চেনাব নদী থেকে জল উত্তোলন।
ওমর আবদুল্লা বলেন, “আমরা দুটি বিষয়ে কাজ করছি এবং আশা করছি খুব শীঘ্রই এই দুই প্রকল্পের কাজ শুরু হবে।” উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারত সরকার সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত (Abeyance) করার পর থেকেই এই এলাকাগুলোতে ভারতের জল ব্যবহারের অধিকার নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে তুলবুল প্রজেক্টটি চার দশক আগে পরিকল্পিত হলেও পাকিস্তানের আপত্তির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এখন ভূ-রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় এই প্রকল্পের বাস্তবায়ন জম্মু ও কাশ্মীর এবং বিশেষ করে জম্মু শহরের জলকষ্ট মেটাতে এক মাইলফলক হতে পারে।