স্লিদারিনের রাজপুত্রে নতুন চমক! এইচবিও সিরিজে অন্য এক ড্রাকো ম্যালফয়কে দেখবেন দর্শকরা

পটার-ভক্তদের জন্য বড় খবর! এইচবিও-র আসন্ন ‘হ্যারি পটার’ (Harry Potter) সিরিজে ড্রাকো ম্যালফয়ের চরিত্রে দেখা যাবে এক নতুন গভীরতা। এই আইকনিক চরিত্রে অভিনয় করতে চলা ১৪ বছর বয়সী অভিনেতা লক্স প্র্যাট জানিয়েছেন, মূল সিনেমা বা বইয়ের তুলনায় সিরিজে ড্রাকোকে অনেক বেশি ‘লেয়ার্ড’ বা বহুমাত্রিক হিসেবে ফুটিয়ে তোলা হবে। প্র্যাটের মতে, বইয়ের গল্প হ্যারির দৃষ্টিভঙ্গি থেকে বলা হলেও, এই সিরিজে ড্রাকোর ব্যক্তিগত জীবন এবং তার বেড়ে ওঠার পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে।
লক্স প্র্যাট একটি সাক্ষাৎকারে জানান, সিরিজে ড্রাকোর পারিবারিক জীবনের এমন কিছু দৃশ্য থাকবে যা দর্শকদের বুঝতে সাহায্য করবে কেন সে হ্যারির প্রতি এত ঈর্ষান্বিত বা উদ্ধত। তিনি বলেন, “সিনেমাতে ড্রাকো অনেকটা দ্বিমাত্রিক খলনায়ক ছিল, কিন্তু এখানে আপনারা তার বাড়ির ভেতরের দৃশ্যগুলো দেখবেন, যা ল্যান্ডমার্ক হয়ে থাকবে।” এছাড়া এই সিরিজে ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি পটার), অ্যারাবেলা স্ট্যান্টন (হারমায়োনি গ্রেঞ্জার) এবং অ্যালাস্টেয়ার স্টাউটকে (রন উইজলি) দেখা যাবে। সবথেকে চমকপ্রদ তথ্য হলো, ৮০ বছর বয়সী প্রখ্যাত অভিনেতা জন লিথগো হতে চলেছেন নতুন অ্যালবাস ডাম্বলডোর।