বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! এশিয়ার ধনী পুরসভায় শুরু ‘ঋতু’ বদল, নেপথ্যে বড় রাজনৈতিক সমীকরণ!

মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ২৫ বছরের থ্যাকারে আধিপত্যের অবসান ঘটিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-র মেয়র নির্বাচিত হলেন বিজেপির ঋতু তাওড়ে। বুধবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। ১৯৮০-র দশকের পর এই প্রথম মুম্বইয়ের মেয়রের চেয়ার দখল করল ভারতীয় জনতা পার্টি।
ঘাটকোপার পশ্চিমের তিনবারের অভিজ্ঞ কর্পোরেটর ঋতু তাওড়ে বরাবরই তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। এর আগে তিনি বিএমসি-র শিক্ষা কমিটির চেয়ারপারসন এবং ইমপ্রুভমেন্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। শিবসেনা (ইউবিটি) কোনো প্রার্থী না দেওয়ায় ঋতু তাওড়ের জয় ছিল সময়ের অপেক্ষা। এর ফলে ভারতের সবথেকে ধনী পুরসভা, যার বার্ষিক বাজেট ৭৫,০০০ কোটি টাকারও বেশি, তার নিয়ন্ত্রণ এখন সরাসরি বিজেপির নেতৃত্বাধীন মহাযুতির হাতে চলে গেল।
রাজনৈতিক মহলের মতে, বিএমসি ভোটে ৮৯টি আসন পেয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসায় উদ্ধব থ্যাকারের দল লড়াই থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বিজেপি একে ‘উন্নয়নের জয়’ হিসেবে দেখলেও, বিরোধীরা একে মরাঠি অস্মিতার সঙ্গে আপস বলে কটাক্ষ করছে। তবে সব বিতর্ক ছাপিয়ে ৫৩ বছর বয়সী ঋতু তাওড়ের এই জয় মুম্বইয়ের পুর-প্রশাসনিক কাঠামোয় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।